বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৪ জানুয়ারি) তিনি ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা জানান, শেখ হাসিনার শাসনামলে ওলিগার্ক, ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের দ্বারা শত শত বিলিয়ন ডলার চুরি হয়ে বিদেশে পাচার হয়েছে। এর একটি বড় অংশ কানাডায় স্থানান্তরিত হয়েছে, বিশেষ করে টরন্টোর কুখ্যাত "বেগম পাড়া" এলাকায় সম্পদ কেনার মাধ্যমে।
"তারা আমাদের জনগণের অর্থ চুরি করেছে এবং কানাডায় সম্পদ কিনেছে। আমরা চাই, এই অর্থ ফেরত আনা হোক, কারণ এটি আমাদের জনগণের অর্থ," বলেন অধ্যাপক ইউনূস।
বৈঠকে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাচারকৃত অর্থ ফেরানোর প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি জানান, কানাডার কাছে একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ চিহ্নিত করে জব্দ করা সম্ভব।
"আমরা আপনাদের উদ্যোগকে সমর্থন করি। ইতোমধ্যে ভালো অগ্রগতি হয়েছে এবং আমরা আরও কীভাবে সহায়তা করতে পারি, তা জানতে আগ্রহী," বলেন অজিত সিং।
তিনি আরও জানান, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চায় এবং এ বিষয়ে আলোচনার জন্য শীঘ্রই একজন কানাডীয় মন্ত্রী বাংলাদেশ সফর করবেন।
অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। তিনি কানাডার কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান এবং বলেন, "আমরা চাই, বাংলাদেশের সঙ্গে কানাডার বাণিজ্য আরও বৃদ্ধি পাক এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হোক।"
এছাড়া, তিনি উল্লেখ করেন যে, বর্তমানে বহু বাংলাদেশি নাগরিক কানাডায় বসবাস ও অধ্যয়ন করছেন। তাই কানাডার উচিত ঢাকায় একটি ভিসা অফিস স্থাপন করা।
বৈঠকে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।