আসন্ন পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি উচ্চমাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি কলেজ খোলা থাকবে। তবে বন্ধ থাকবে মাদ্রাসা। যার ফলে পুরো রমজান মাস জুড়ে ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৪ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, আসন্ন রমজান মাসে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও শ্রেণি কার্যক্রম সচল রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে পুরো রমজান মাস ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রজ্ঞাপনে ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা ৩০ দিন ছুটির কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী পুরো রমজান মাস ছুটি পাচ্ছেন তারা।
এর আগে বৃহস্পতিবার শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আসন্ন রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান আংশিক খোলা থাকবে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের কলেজগুলো রমজান মাসের প্রথম ১৫ দিন এবং প্রাথমিক পর্যায়ের স্কুল রমজান মাসের প্রথম ১০ দিন খোলা থাকবে।