রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর ভবনের নিচতলার কক্ষগুলোতে সম্প্রতি এক রহস্যজনক দৃশ্য উঠে এসেছে। একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনের ক্যামেরায় সেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্যান্ট, ব্যাগ ও জুতার চিত্র ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, গত জুলাই আন্দোলনের সময় নিহত শিক্ষার্থীদের লাশ এখানে এনে গুম করা হয়েছিল।
গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, ভবনের কিছু কক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং সেগুলোর ভেতরে অস্বাভাবিকভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের পোশাক ও ব্যবহার্য সামগ্রী পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আটক শিক্ষার্থীদের এখানে আটকে রেখে হত্যার পর নিখোঁজ করা হয়েছিলো।
নাগরিক সমাজ ও আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, ধানমন্ডি ৩২-এর নিচতলায় একটি 'আয়না ঘর' রয়েছে, যেখানে আন্দোলনকারী ও ভিন্নমতাবলম্বীদের গোপনে নির্যাতন করা হতো। তবে এতদিন এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ৩২ এর বাড়ি ভেঙ্গে ফেলায় এবার সরাসরি গণমাধ্যমের ক্যামেরায় পাওয়া দৃশ্য সেই সন্দেহকে আরও জোরালো করেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, “আমরা বহুদিন ধরে বলছিলাম, এখানে কিছু লুকানো আছে। আজ গণমাধ্যমের ফুটেজ সেটাই প্রমাণ করল। আমাদের সহপাঠীদের লাশ কোথায়? কেন তাদের নিখোঁজ করা হলো?”
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সরকার অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
একজন সরকারি কর্মকর্তা বলেন, “এই অভিযোগ গুরুতর। যদি প্রমাণিত হয়, তাহলে যারা এই কাজের সঙ্গে জড়িত, তারা কোনোভাবেই রেহাই পাবে না।”
মানবাধিকার কর্মী ও বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিচারের মুখোমুখি করাই এখন সবচেয়ে জরুরি। আন্দোলনকারীরা ইতোমধ্যে এই ঘটনার সঠিক তদন্ত ও নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিচারের মাধ্যমেই বোঝা যাবে, ধানমন্ডি ৩২-এর রহস্য কী? দেশব্যাপী চলমান গণজাগরণের এ মুহূর্তে এই ঘটনা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে।