বিপ্লবী ছাত্র পরিষদের দাবিগুলো হলো—
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হিসেবে প্রশাসনিকভাবে ‘সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস’ পালন করা।
২. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালনের জন্য সরকারকে প্রস্তাব দেওয়া।
৩. ঔপনিবেশিক আমলে মুসলমানদের ওপর পরিচালিত শোষণ, নির্যাতন ও সাম্প্রদায়িক সন্ত্রাস বিষয়ে অধ্যয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করা।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনকে শহীদ নজির আহমদের নামে নামকরণ করা।
শহীদ নজির আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র এবং বাংলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। তিনি অল ইন্ডিয়া মুসলিম ছাত্র পরিষদের শীর্ষ নেতা হিসেবে সক্রিয় ছিলেন।
১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (বর্তমান ঢাকা মেডিকেল কলেজের পুরাতন ভবন) ক্লাস চলাকালীন সময় এক সাম্প্রদায়িক হামলায় তিনি নিহত হন। কংগ্রেসপন্থী কিছু সাম্প্রদায়িক হিন্দু ছাত্র মুসলমান ছাত্রদের ওপর হামলা চালায় এবং লাঠি ও ছুরি দিয়ে আঘাত করে শহীদ নজির আহমদকে হত্যা করে।
শহীদ নজির আহমদ হত্যাকাণ্ডকে বাংলাদেশের শিক্ষাঙ্গনে সংঘটিত প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়। এটি ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত প্রথম সন্ত্রাসী ঘটনা, যা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
বিপ্লবী ছাত্র পরিষদের চার দফা দাবি শুধু শহীদ নজির আহমদকে স্মরণীয় করে রাখার জন্য নয়, বরং এটি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর আহ্বানও বটে। সংগঠনটি আশা করছে, প্রশাসন তাদের দাবিগুলো আমলে নেবে এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।