মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাঁও ইউনিয়নের দসত্তর গ্রামে সড়কের পাশে ভেকো দিয়ে মাটি কাটার অভিযোগ এসেছে ইউপি ওয়ার্ড সদস্য মোঃ মাসুদ এর বিরুদ্ধে। স্থানীয়রা বলছে, সড়কের পাশে এভাবে মাটি কেটে নিলে সড়ক ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া এভাবে মাটি কাটার ফলে পাশের কৃষি জমি গুলো ক্ষতির সম্মুখীন হতে পারে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে ভেকো দিয়ে মাটি কাটা হচ্ছে। ভেকো চালকের সাথে কথা হলে জানাযায় এটা ইউপি সদস্য মো. মাসুদ এর ভেকো।
এব্যাপারে ইউপি সদস্য মাসুদের সাথে কথা হলে তিনি জানান, মাটি কাটার ব্যাপারে অনুমতি নেয়া আছে। অনুমতিপত্র ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের কাছে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসেন বলেন, মাটি কাটার ব্যাপারে আমি কিছু জানিনা। এ বিষয়ে এসিল্যান্ড এর সাথে কথা বলেন।
সহকারি কমিশনার (ভূমি) রেজোয়ানা আফরিন বলেন, জমির মাটি কাটার জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি।