জঘন্য অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত তদন্ত, অপরাধী গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সংঘটিত গুরুতর অপরাধগুলোর দ্রুত উদ্ঘাটন ও আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেসব মামলার তদন্ত সময়সাপেক্ষ, সেগুলোতেও আইন অনুযায়ী তদন্ত অব্যাহত রয়েছে।
সম্প্রতি কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের কিশোর অপরাধ চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে এবং তাদের কাছ থেকে নিহতের মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের উদ্যোগ নেওয়া হবে এবং বিচার বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু নিখোঁজ সংক্রান্ত পরিসংখ্যানের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। তিনি সামাজিক অবক্ষয়, মাদক, জুয়া ও পর্নোগ্রাফিকে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তরুণদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পার্কিং করা বাসে অগ্নিসংযোগের সাম্প্রতিক ঘটনাগুলোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। তিনি জানান, কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অন্যদের শনাক্তের কাজ চলছে।
বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার রয়েছে। তিনি দাবি করেন, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও অতীতের গ্যাস অনুসন্ধানের ঘাটতির কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। তিনি জানান, ২০৩০–৩১ সালের মধ্যে ১৫০টি নতুন গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে ইতোমধ্যে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ের একটি মসজিদে গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটকের বিষয়ে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রমাণ না পাওয়ায় ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের বিরুদ্ধে ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গঠনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, যেকোনো ধরনের অপরাধ ও উগ্রবাদী তৎপরতার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।