ছাতক উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের কৃষি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশরিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
সোমবার উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উত্তম কৃষি চর্চার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান ও সংশ্লিষ্ট কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা ইকবাল আজাদ বলেন, "আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে দেশের কৃষিখাতে ব্যাপক পরিবর্তন এসেছে। ছাতক উপজেলার উর্বর মাটি ধান ও রবিশস্য উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার কৃষকরা ধান উৎপাদনের পাশাপাশি গম, আলু, পিয়াজ, ভুট্টা, ডাল, তেল ও শাক-সবজি উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।"
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের হাতে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেট তুলে দেওয়া হয়। কৃষকদের প্রশিক্ষিত করে দক্ষতার সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।