চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় যানজট নিরসনের জন্য লেন সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে টোল প্লাজার দুই পাশে ৪টি করে মোট ৮টি বুথ থাকলেও, যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে প্রতিটি পাশে আরও ১টি করে দুটি নতুন লেন সংযুক্ত করা হচ্ছে, ফলে মোট লেন সংখ্যা হবে ১০টি।
সেতুর টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠানের শীর্ষ এক কর্মকর্তা জানান, প্রতিদিন গড়ে ২৭-২৮ হাজারেরও বেশি গাড়ি এই সেতু দিয়ে চলাচল করে। ছুটির দিনে চাপ আরও বাড়ায় টোল প্লাজায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে অবহিত করা হলে, তারা দুই পাশে দুটি নতুন লেন যুক্ত করার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে কাজও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, অটোরিকশার আধিক্য, চালকদের শৃঙ্খলা না মানা, অতিরিক্ত যানবাহনের চাপ, নম্বর প্লেট ঢেকে রাখা, বিভিন্ন পরিচয়ে টোল দিতে অস্বীকৃতি, বড় নোট দেওয়া এবং সন্ধ্যায় কারখানার ছুটি—এসব কারণে যানজট তীব্র হয়।
চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম বলেন, "শাহ আমানত সেতুর টোল প্লাজায় যানজট নিরসনে বিদ্যমান প্লাজার দুই পাশে আরও দুটি লেন যুক্ত করা হচ্ছে।"
এই প্রকল্প দুই ধাপে বাস্তবায়ন করা হবে:
বেস টাইপ–১, ডেন্স বিটুমিনাস সার্ফেসিং বেস কোর্স,২-ডেন্স বিটুমিনাস সার্ফেসিং ওয়্যারিং কোর্স
এই কাজের মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ২৫৯ টাকা ৫৬ পয়সা। সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৮০ দিন, যা নোটিশ জারির তারিখ থেকে কার্যকর হবে।
মইজ্জ্যারটেক এলাকার ট্রাফিক ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার বলেন, "এই রুটে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমাদেরও হিমশিম খেতে হচ্ছে। তবুও আমরা যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
টোল প্লাজার লেন সংখ্যা ৮ থেকে ১০ করা হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন লেন সংযোজনের কাজ দ্রুত সম্পন্ন হলে, চট্টগ্রামের যানজট পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।