বাংলাদেশে গুমের শিকার হওয়া রাজনৈতিক নেতাকর্মীদের তালিকায় নতুন নাম যুক্ত না হলেও পুরনোদের ফিরে পাওয়ার আশা এখনও ম্লান। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে এখনো নিখোঁজ রয়েছেন ছাত্রশিবিরের পাঁচ নেতাকর্মী। পরিবারের দাবি, তারা রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে থাকা অবস্থাতেই নিখোঁজ হয়েছেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি।
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক মো. ওয়ালীউল্লাহ এবং সাবেক সাংস্কৃতিক সম্পাদক আল মুকাদ্দাস-কে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়। কিন্তু দীর্ঘ ১৩ বছর পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
২০১৩ সালের ২ এপ্রিল, দিবাগত রাত ৪টায়, সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীর শ্যামলীর রিং রোড ১৯/৬, টিক্কাপাড়া এলাকার একটি বাসা থেকে হাফেজ জাকির হোসেন-কে গ্রেপ্তার করে। সেই রাতের পর থেকে তিনি নিখোঁজ, আজও তার কোনো সন্ধান মেলেনি।
২০১৬ সালের ৪ আগস্ট, দুপুর ১২টায়, বেনাপোল পোর্টসংলগ্ন দূর্গাপুর বাজার থেকে বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলমের উপস্থিতিতে অসংখ্য মানুষের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় শিবির কর্মী রেজওয়ান-কে। তবে এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক গ্রেপ্তারের রেকর্ড পাওয়া যায়নি।
২০১৬ সালের ২৩ অক্টোবর, বান্দরবান সদর ৩ নম্বর ওয়ার্ড থেকে শিবিরের সদস্য জয়নাল হোসেন-কে গ্রেপ্তারের পর থেকে তার কোনো খোঁজ মেলেনি।
গুম হওয়া ব্যক্তিদের পরিবার দীর্ঘদিন ধরে তাদের সন্ধানের জন্য চেষ্টা চালিয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি। রাষ্ট্রীয় বাহিনী বরাবরই এ বিষয়ে নীরব থেকেছে, অভিযোগ অস্বীকার করেছে। মানবাধিকার সংগঠনগুলো বারবার এসব ঘটনার তদন্তের দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলছেন, "আমরা আমাদের স্বজনদের জীবিত বা মৃত, অন্তত কিছু একটা জানতে চাই। তারা কোথায়? যদি অপরাধ করে থাকে, তাহলে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হোক। কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়াটা অমানবিক ও অন্যায়।
দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গুমের এই ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, বিচারবহির্ভূত গুম ও আটক বন্ধ করা, নিখোঁজদের সন্ধান দেওয়া এবং দায়ীদের শাস্তির আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব।
গুম হওয়া এসব ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে, তা এখনো অজানা। তবে তাদের পরিবারের অপেক্ষা, আকুতি, বিচারপ্রাপ্তির আশা এখনো থামেনি।