গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত স্কুলছাত্র আবুল কাশেমের বাড়িতে চলছে শোকের মাতম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্র-জনতা আওয়ামী খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করে।
কাশেম স্থানীয় অনুশীলন প্রি ক্যাডেট একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি পরিবারের আর্থিক সহযোগিতায় শ্রমিকের কাজ করত, যা দিয়ে তার পরিবারের জীবনযাত্রা চলতো।
কাশেমের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসী শোকে স্তব্ধ। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরা বলছেন, "কাশেম অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছেলে ছিল। রাজনৈতিক সন্ত্রাসীদের কারণে আজ সে আমাদের মাঝে নেই। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
সকাল ১০:৩০ টায়: গাজীপুর রাজবাড়ি ময়দানে প্রথম জানাজা। বেলা ১১:৩০ টায়: বোর্ড বাজার সংলগ্ন আল হেরা সিএনজি পাম্পের মাঠে দ্বিতীয় জানাজা। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
কাশেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার ছাত্র-জনতা বিক্ষোভ ও মশাল মিছিল করে। তারা আওয়ামী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, "আমরা নিরীহ শিক্ষার্থীদের হত্যা মেনে নেব না।"
এলাকাবাসী ও নিহতের পরিবার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।