পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, "আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে ব্যথিত হয়েছি এবং আপনার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য আমার শুভেচ্ছা জানাতে চাই।"
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ৩১ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী এই চিঠি পাঠান, যা ২ ফেব্রুয়ারি পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। তিনি লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল 'দ্য লন্ডন ক্লিনিক'-এ চিকিৎসাধীন আছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা দুই দেশের রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।