"বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর, থানায় হামলা, পুলিশ বক্স ভাংচুর, পোষ্ট অফিস, পৌরসভাসহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাংচুর"!!
ঝিনাইদহে কোটাবিরোধী আন্দোলনকারীদের সাঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। আন্দোলনকারীরা রবিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সারা শহরে তান্ডব চালায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা যোগ দেয়।
শিক্ষার্থীরা সকালে শহরের মুজিব চত্বর থেকে এবং বিএনপি হাটের রাস্তা থেকে মিছিল বের করে। তারা পায়রা চত্বরে এসে এক সাথে মিলিত হয়। মিছিল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর, থানায় হামলা, পুলিশ বক্স ভাংচুর, পোষ্ট অফিস, পৌরসভা, ছবি তোলার সময় ‘সময়ের আলো’ পত্রিকার সাংবাদিক কাজী আলী আহমেদ লিকুর উপর হামলা, জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপুর বাড়িসহ বিভিন্ন স্থাপনায় ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায়। পুলিশ বাঁধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সেসময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাদানিগ্যাস ও শর্টগানের গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে সারা শহর রণক্ষেত্রে পরিনত হয়। এতে পুলিশসহ অন্তত: ৩০ জন আহত হয়েছে। ইটের আঘাতে পুলিশের এসআই শরিফুজ্জামানের মাথা ফেটে গেছে। আহতদের মধ্যে ২৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে।
সকাল থেকে সকল রুটে যানবাহন চলাচল করেনি। জেলা শহরে সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশী নিরাপত্তায় অফিস আদালত চলেছে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।