মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইয়াব দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম ভারতের কেরালার সাকাফাতি সুন্নিয়া মারকাজে আয়োজিত এক বিশাল জিকির ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে ভারতের গ্র্যান্ড মুফতি শায়খ আবুবকর আহমদ-এর নেতৃত্বে কেরালার বিশিষ্ট আলেম-উলামা এবং প্রায় ২,০০০ জ্ঞানান্বেষী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ‘শায়খ আবুবকর ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ সম্মানকে গভীর বিনয়ের সঙ্গে গ্রহণ করার কথা জানিয়ে বলেন, এই পুরস্কার তিনি উম্মাহর মর্যাদা সমুন্নত করতে দাওয়াহ ও জ্ঞানচর্চায় আত্মনিয়োগকারী আলেম, দাঈ ও ইলমপ্রেমীদের উৎসর্গ করছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ইনশাআল্লাহ মালয়েশিয়া আলেম-উলামাদের সঙ্গে সমন্বয়ে ইলমী কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে হাদিসের কিতাবসমূহের পূর্ণ পাঠ ও সংরক্ষণমূলক উদ্যোগে দেশটি সমর্থন দিয়ে যাবে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ মালয়েশিয়া ও কেরালার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, জ্ঞানের ঐতিহ্যকে সমৃদ্ধ করবে এবং ঈমান, জ্ঞান ও উত্তম চরিত্রে সমৃদ্ধ একটি আদর্শ উম্মাহ গঠনে ভূমিকা রাখবে।