বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আলজেরিয়া। একই সঙ্গে দেশটির সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সফরের আমন্ত্রণ জানিয়েছে।
সোমবার (২৪-০২-২৫ইং) ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে এবং আগামী মার্চ মাসে আলজেরিয়ার জ্বালানি মন্ত্রী ঢাকা সফর করবেন। এছাড়া আলজেরিয়া বাংলাদেশের টেক্সটাইল, পাটজাত পণ্য, ওষুধ, খাদ্য এবং ইলেকট্রনিক সামগ্রী আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ-আলজেরিয়ার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের ঢাকায় পাঠানোর আহ্বান জানান।
এছাড়া, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন প্রার্থিতার জন্য আলজেরিয়ার সমর্থন চান তিনি। এর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (IMO) পরিষদ: ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ‘ক্যাটাগরি C’-এর নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মানবাধিকার পরিষদ (UNHRC): ২০২৮-২০৩০ মেয়াদের সদস্যপদ নির্বাচনের ভোট ২০২৭ সালে নিউইয়র্কে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC): ২০৩১-২০৩২ মেয়াদের জন্য অস্থায়ী আসনের নির্বাচন ২০৩০ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন।