বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ আজ মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএন্ডএস) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান এএসসিসিএন্ডএস প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে আর্মি সার্ভিস কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকতে হবে।”
জেনারেল ওয়াকার-উজ-জামান প্রযুক্তিগত উৎকর্ষ, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “দেশের যেকোনো পরিস্থিতিতে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করাই একজন সেনাসদস্যের মূল পরিচয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ।
বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কোরের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।