বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে মঙ্গলবার একদল দেশি ও বিদেশি বিনিয়োগকারী নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (BSEZ) সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ বিনিয়োগকারীদের স্বাগত জানান এবং নিজেই তাঁদের কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখান। তিনি উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তি ব্যবহারের দিক এবং কর্মপরিবেশ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও, তিনি কোম্পানির ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনাও করেন।
বিনিয়োগকারীরা সিঙ্গারের আধুনিক উৎপাদন কাঠামো এবং দক্ষ মানবসম্পদ দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা মনে করেন, বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মতো পরিকল্পিত শিল্প অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
এই ধরনের উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে এবং দেশের শিল্প ও অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।