অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তর সূত্রে জানা গেছে, গত ছয় মাসে প্রায় ১৭০টির মতো আন্দোলন সংগঠিত হয়েছে। এসব আন্দোলনের কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়লেও, সরকার জনগণের প্রতি নমনীয় অবস্থান বজায় রেখেছে।
বিশ্লেষকরা মনে করছেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ও ভারতে পলায়নকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রেখে যাওয়া অস্থিরতা, বৈষম্য ও রাজনৈতিক দমননীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণআন্দোলনের জেরে আওয়ামী লীগ ক্ষমতা হারালেও, তার রেখে যাওয়া রাজনৈতিক ও প্রশাসনিক সংকট এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে এসে পড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এখন ড. ইউনূসের সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির সমাধান ছাড়া দেশকে নতুন পথে এগিয়ে নেওয়া কঠিন হবে।”
অন্য যে কোনো সময়ের তুলনায় চলমান আন্দোলনগুলো আরও সুসংগঠিত ও ধারাবাহিক। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছে। গণতান্ত্রিক সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন শিক্ষা, অর্থনীতি, প্রশাসনিক জবাবদিহিতা এবং বিচারিক স্বচ্ছতার মতো বিষয়েও প্রসারিত হয়েছে।
সরকারের এক মুখপাত্র বলেন, “আমরা দমন-পীড়ন নয়, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে চাই। জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতেই আমরা ন্যায়বিচার নিশ্চিত করব।”
নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, জনগণের দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভের বাস্তবসম্মত সমাধান বের করা। সরকারের সহনশীল নীতি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে, তবে সঠিক সংস্কার কার্যকর না হলে পরিস্থিতির আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা এখন শুধুই আন্দোলনের নগরী নয়, বরং পরিবর্তনের এক নতুন দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে এই সংকট সামাল দিয়ে দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।