মানুষ ত্রুটিপূর্ণ, কারণ ভুল-ভ্রান্তি মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখজনকভাবে, অনেকেই নিজের ভুলত্রুটি উপেক্ষা করে অপরের দোষ খুঁজতে ব্যস্ত থাকে। এটি শুধু ব্যক্তিগত চরিত্রের দুর্বলতাই নয়, বরং সমাজের জন্যও এক ভয়াবহ ব্যাধি।
ইসলাম আমাদের অন্যের দোষ-ত্রুটি খুঁজতে কঠোরভাবে নিষেধ করেছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, “তোমাদের কেউ তার ভাইয়ের চোখে পতিত সামান্য ময়লাটুকুও দেখতে পায়, কিন্তু নিজ চোখে পতিত খড়কুটাও দেখে না।” (সহিহ ইবনে হিববান, হাদিস : ৫৭৬১)
অপরের ভুল খোঁজা শুধু নৈতিকভাবে দোষনীয় নয়, বরং এর মারাত্মক পরিণতিও রয়েছে। নবী করিম (সা.) সতর্ক করে বলেছেন, “যে ব্যক্তি অন্যের দোষ খোঁজে, আল্লাহ তার দোষ খোঁজেন। আর আল্লাহ যখন কারো দোষ খোঁজেন, তখন তাকে তার নিজের ঘরেই অপদস্থ করেন।” (তিরমিজি, হাদিস : ২০৩২)
আজকের সমাজে আমরা প্রায়ই দেখি, মানুষ অন্যের ব্যক্তিগত জীবনে অনুসন্ধান চালায়, ছোটখাটো ভুলের জন্য কাউকে হেয় করে এবং সমাজে অপবাদ ছড়ায়। কিন্তু তারা ভুলে যায়, যে ব্যক্তি তার ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তা ফাঁস করবে, আল্লাহ তার দোষ প্রকাশ করে তাকে অপমানিত করবেন। (ইবনু মাজাহ : ২৫৪৬)
আমরা যদি সত্যিকার অর্থে একটি সুস্থ সমাজ গড়তে চাই, তাহলে আমাদের উচিত আত্মসমালোচনায় মনোযোগী হওয়া, অপরের ভুলত্রুটির প্রতি দৃষ্টিপাত না করা এবং মহান আল্লাহর রহমতের চাদরে নিজেকে আচ্ছাদিত করা।
আমাদের ভুলত্রুটির প্রতি দৃষ্টিপাত করুন, অন্যের দোষ খোঁজা বন্ধ করুন—এটাই প্রকৃত সফলতার চাবিকাঠি। মহান আল্লাহ আমাদের সকলের দোষ-ত্রুটি ক্ষমা করুন এবং কল্যাণের পথে চলার তৌফিক দিন।